প্রেমিককে বিয়ে করলেন আমব্রিন
নিউজ ডেস্ক | ১:২১ পূর্বাহ্ন, ৮ নভেম্বর, ২০১৭

দর্শকপ্রিয় উপস্থাপক আমব্রিন বিয়ে করেছেন। তাঁর বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। গত ৪ নভেম্বর কানাডায় পারিবারিকভাবে আমব্রিনের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের পর কানাডায় স্বামীর সঙ্গে আছেন আমব্রিন। সাত মাস ধরে তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমব্রিনের। খুব দ্রুত প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমব্রিন।
এনটিভি অনলাইনকে আমব্রিন জানান, তাঁর স্বামী অনেক সৎ ও সুন্দর মনের মানুষ। তাঁর সঙ্গে তাঁর দুর্দান্ত সময় কাটছে।
অন্যদিকে, কানাডায় থাকার জন্য ও বিয়ের কারণে এবার বিপিএলের আসরে উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে না আমব্রিনকে। এ বিষয়ে তিনি গতকাল সোমবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘২০১৭ সালের বিপিএল আসরে আমি নেই কেন, এই ধরনের বার্তা আমি আমার ভক্ত ও বন্ধুদের কাছ থেকে পাচ্ছি। আমি উচ্ছ্বসিত। জেনে ভালো লেগেছে সবাই আমাকে অনেক মিস করছে। কিন্তু এখনো আমি কানাডায় আছি এবং ঠিক সময়ের মধ্যে প্রিয় বাংলাদেশে ফিরতেও পারিনি, কারণ গত ৪ নভেম্বর আমি বিয়ে করেছি।’
বিয়ের পর সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন আমব্রিন।
আমব্রিন একসময় মডেলিং ও অভিনয় করতেন। এখন উপস্থাপনা তাঁর একমাত্র লক্ষ্য। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকার নিয়েছেন আমব্রিন। উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।
সূত্র: এনটিভি

