মিয়ানমার সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
১০:৪৯ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনে উদ্বেগ জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইংকে টেলিফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রেক্স টিলারসন ও মিন অংয়ের মধ্যে টেলিফোনে আলাপ হয়।
এতে বলা হয়, হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার অনুমতি দিতে দেশটির সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
রেক্স টিলারসন সিনিয়র জেনারেল মিন অংকে বলেন, সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে সহযোগিতা করতে হবে। ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাবে রাখাইনের সংখ্যালঘু এ মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যাসহ জাতিগত নিধন অভিযান শুরু করে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সেনাবাহিনী।
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন তদন্তে বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংগঠন ও মিডিয়াকে দেশটিতে অবাধ প্রবেশের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানান টিলারসন।

