আসুন ফুটবলকে উপভোগ করি, বৈরিতা ত্যাগ করি
গোলাম রসূল | ৪:০৬ অপরাহ্ন, ৬ জুন, ২০১৮

ফুটবল খেলা আমি কম বুঝি। দেখিও কম। বিশ্ববিদ্যালয়ের হলে যখন থাকতাম বন্ধুরা সবাই মিলে মাঝে-মধ্যে বিভিন্ন লিগের খেলা দেখতাম। কিন্তু আমার অন্য বন্ধুরা অনেক বেশি সিরিয়াস ছিল ফুটবল নিয়ে। কোন লিগের কোন খেলাই তারা মিস করত না। রাত জেগে তারা যখন খেলা দেখত আমি তখন ল্যাপটপে কলকাতার আর্ট ফিল্ম, হিন্দি সিনেমা, তামিল কিংবা ইংরেজি মুভি নিয়ে রাজ্যের আনন্দে বিভোর থাকতাম (এখন লিগের খেলা নিয়মিত দেখি)। কিন্তু বিশ্বকাপ এলেই আমার ফুটবল সত্ত্বা জেগে ওঠে। আমি বিশ্বকাপ ফুটবলের ভক্ত। এবং কোন কারণ ছাড়াই আমি ব্রাজিলের ফ্যান।
ছোটবেলা প্রথম বিশ্বকাপ ফুটবল দেখি আমাদের পাশের বাড়ির দিলীপ ভাইয়ের টিভিতে। সমস্ত গ্রাম জুড়ে তখন এই একটাই সাদাকালো টিভি। তখনই জানলাম যারা খেলা দেখে তারা কেউ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, কেউবা বেজ্জিওর কারণে ইটালির ভক্ত। যেহেতু আমিও তাদের সাথে খেলা দেখি আমার ও একটা দল সমর্থন করা দরকার। কিন্তু কোন দল সমর্থন করব ঠিক করতে পারছিলাম না। দেখলাম বেশিরভাগ লোক ব্রাজিল সমর্থন করছে। সিদ্ধান্ত নিলাম আমিও ব্রাজিল। সেই থেকে আমি বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক। ফুটবল খেলা না বুঝা সমর্থক। আমি অন্য দলের সমর্থকদের সাথে খেলা নিয়ে আলোচনা করি। কিন্তু তাদের পছন্দের দলকে ছোট করি না।
আজকের এ লেখার উদ্দেশ্য ফেসবুকে বিশ্বকাপ ফুটবল নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে। আমার ফেসবুকের ওয়াল ভরে গেছে দুই দল-ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের পারস্পরিক বিষেদগার, শ্লেষ ও আক্রমণে। খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ্য বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ তৈরি করা। বিশ্বকাপ ফুটবলের উদ্দেশ্যও তাই-বিশ্ব ভ্রাতৃত্ব। আর আমরা মূল থিম থেকে দূরে সরে গিয়ে একে অন্যকে আক্রমণ করছি। এটা থামানো প্রয়োজন। আমাদের সবারই উচিত অন্যের পছন্দ ও ভাললাগাকে সম্মান জানানো।
পরিশেষে দু:খ করে বলছি গতকাল আমার এলাকায় প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পত্রিকায় নিউজ হল। ফেসবুকে দলে দলে লোকজন মন্তব্য করতে লাগল। একদল বলছে সে অমুক দলের, আরেক বলছে আসলে সে তমুক দলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মনে হচ্ছে সে একজন মানুষ না। সে কোন দলের সমর্থক সেটা আগে সংশোধন করা চাই। অথচ সবার মন্তব্য হওয়া উচিত ছিল মরহুমের মাগফেরাত কামনা করা ও সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো। আমি মর্মাহত। মহান আল্লাহ সবার মাঝে শুভ বুদ্ধির উদয় ঘটাক। সকল দলের ফুটবল সমর্থকদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। জয়তু বিশ্বকাপ ফুটবল।
লেখক: সাংবাদিক ও হাওর উন্নয়ন কর্মী।

