প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ-১: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন লিপি
কিশোরগঞ্জ-১: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন লিপি
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:১৯ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
তার দুই প্রতিদ্বন্দ্বী গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জাকিয়া নূর লিপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন বলে ভাটির রানিকে কে জানিয়েছেন।
ভূপেন্দ্র ভৌমিক রিটার্নিং কর্মকর্তা বরাবরে লেখা তার প্রার্থীতা প্রত্যাহার পত্রে লিখেছেন, মনোনয়ন বাছাইকালে তার মনোনয়ন বাতিল হলে আপীলে মনোনয়ন গৃহীত হয়। গণতন্ত্রী পার্টি ১৪ দলের শরিক দল। গণতন্ত্রী পার্টির কেন্দ্রী প্রেসিডিয়াম সদস্য ডা. শহীদুল্লাহ শিকদার ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নাছিম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি কর্তৃক দলের শীর্ষ নেতৃত্বের বরাতে আলোচনার প্রেক্ষিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তার মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির প্রতি সমর্থন জানিয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করলেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় এই আসন থেকে টানা পঞ্চমবারের মত নির্বাচিত হলেও শপথ নেবার আগেই গত ৩ জানুয়ারি মারা যান। ফলে নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি এখানে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।

