প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান জেমসের বিরুদ্ধে মানববন্ধন
অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান জেমসের বিরুদ্ধে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি | ৩:৫১ অপরাহ্ন, ৯ মার্চ, ২০১৯

বিশেষ প্রতিনিধি: অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ মোজতাবা আরিফ খানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমসের বিরুদ্ধে অষ্টগ্রাম বড় বাজারে মানববন্ধন করেছে কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। আজ সরকারি রোটারী ডিগ্রি কলেজ, অষ্টগ্রাম পরিবারের ব্যানারে তারা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জজ মিয়া, অষ্টগ্রাম বড় বাজার বণিক সমিতির সভাপতি রাজিব আহমেদ হেলু, অষ্টগ্রাম উপজেলা যুবলীগের সহসভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য আহসান হাবীবসহ অনেকেই মানববন্ধনে এসে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ ফারুক আহমেদ, জসিম উদ্দিন জজ মিয়া, আহসান হাবীব ও কলেজের প্রভাষক মনোয়ার হোসেন ভূঁইয়া পুলক। বক্তারা উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমসের কটুক্তির তীব্র নিন্দা জানান। প্রভাষক পুলক বলেন, "উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম একজন সাবেক শিক্ষক হয়ে আর একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অশালীন মন্তব্য করতে পারেন না!" মানববন্ধন একপর্যায়ে ছাত্র বিক্ষোভে পরিণত হয়। ছাত্ররা বিচার চাই বিচার চাই স্লোগানে স্লোগানে অষ্টগ্রাম মুখরিত করে। উল্লেখ্য গত ৬ মার্চ অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস তার বক্তব্যের একপর্যায়ে আগের বক্তা অধ্যক্ষ আরিফ খানকে আপত্তিকর ব্যক্তিগত আক্রমণ করেন যা উপস্থিত নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও এলাকায় আলোড়ন সৃষ্টি করে।

