প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রাম যুবলীগ আওয়ামীলীগের চেয়েও শক্তিশালী: ফারুক
অষ্টগ্রাম যুবলীগ আওয়ামীলীগের চেয়েও শক্তিশালী: ফারুক
গোলাম রসূল | ২:৪১ অপরাহ্ন, ১৫ নভেম্বর, ২০১৭

রফিকুল ইসলাম ফারুক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা যুবলীগ একই ইউনিটের আওয়ামীলীগের চেয়েও শক্তিশালী বলে দাবি করেছেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক।
“বর্তমানে অষ্টগ্রাম যুবলীগ উপজেলা আওয়ামীলীগের চেয়েও শক্তিশালী ও সক্রিয়। আগামী সংসদ নির্বাচনে নৌকার জন্য যুবলীগ সবচেয়ে বেশি কাজ করবে এবং মাঠে সক্রিয় থাকবে,” বলেন ফারুক।
সোমবার রাতে ভাটির রানির সাথে একান্ত আলাপচারিতায় রফিকুল ইসলাম ফারুক এ কথা বলেন।
তিনি জানান, অষ্টগ্রাম যুবলীগ মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সুযোগ্য সন্তান রেজওয়ান আহমেদ তৌফিকের বলিষ্ট নেতৃত্বে এগিয়ে চলছে। তিনি (তৌফিক) সম্প্রতি উপজেলার তিনটি ইউনিয়নে নিজে উপস্থিত থেকে যুবলীগের কমিটি গঠন করেছেন। আর এর মধ্য দিয়ে অষ্টগ্রামের সব কটি ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি পেয়েছে।
যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে গঠনকৃত নতুন কমিটিগুলো হল অষ্টগ্রাম সদর ইউনিয়ন, বাঙ্গালপাড়া ইউনিয়ন ও দেওঘর ইউনিয়ন যুবলীগ। আর এ তিনটি ইউনিয়ন কমিটিতেই ত্যাগী ও পরীক্ষিত নেতারাই স্থান পেয়েছেন বলে জানান ফারুক।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রেসেম মিয়া ও এ.এফ আপন নাজিম, বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল মোল্লা ও আকাশ আহমেদ একছার এবং দেওঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহাদ নোয়াজ ও মাসুক হেলালী।
ফারুক বলেন, এরা সবাই দলের জন্য দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বীকার করেছে অনেক রাজনৈতিক ত্যাগ ও তিতীক্ষা। এবং বর্তমানেও তারা যুবলীগের হয়ে দিনরাত কাজ করে যাচ্ছে, শক্তিশালী করছে এমপি তৌফিক ভাইয়ের হাত।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অষ্টগ্রাম উপজেলা যুবলীগ বিশেষ কর্মসূচী গ্রহণ করবে। নৌকা ও এমপি তৌফিকের জন্য অষ্টগ্রাম যুবলীগ আওয়ামীলীগের চেয়েও জোরালো ভূমিকা পালন করবে।

