প্রচ্ছদ হাওরের রাজনীতি রাষ্ট্রপতিকে আমি প্রথম মিষ্টিমুখ করিয়েছি: সাইদুর রহমান
রাষ্ট্রপতিকে আমি প্রথম মিষ্টিমুখ করিয়েছি: সাইদুর রহমান
বিশেষ প্রতিনিধি | ৬:৫৮ অপরাহ্ন, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

সাইদুর রহমান সাইদ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ বলেছেন দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন পাওয়ার খবরের পর তিনিই প্রথম রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে মিষ্টিমুখ করিয়েছেন।
ভাটির রানির কাছে সাইদুর রহমান বলেন, “গত বুধবার রাতে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবরটি যখন পান তখন আমিসহ কয়েকজন উনার সামনে বসা ছিলাম। মহামান্যের কাছে সরকারের একজন মন্ত্রী ফোনে প্রথম সংবাদটি দেয়। ফোনে কথা বলার ধরণ দেখেই আমরা বুঝতে পারছিলাম ওপ্রান্ত থেকে কি বলা হচ্ছে। তাই ফোন রাখার সাথে সাথে আমি মহামান্যকে বললাম, নিশ্চয়ই আমাদের প্রত্যাশিত সংবাদ। উত্তরে তিনি বললেন ‘হ্যাঁ, ঠিকই ধরেছ। আমিই দলের মনোনয়ন পেয়েছি।’ তৎক্ষনাৎ খুশিতে আমার চোখ ছলছল করে ওঠল। আমাদের সামনে আপ্যায়নের মিষ্টান্ন ছিল। আমি ওঠে দাড়িয়ে মহামান্য রাষ্ট্রপতিকে প্রথম মিষ্টি খাইয়ে দিলাম। উপস্থিত সবাই করতালির মাধ্যমে মহামান্যকে অভিনন্দন জানাল।”
সাইদুর রহমানের ভাষায়, “আসলে সেদিনের আনন্দানুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বঙ্গভবনে মহামান্যের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এরপর দলীয় ও কাছের মানুষদের ফোন করে বিষয়টি জানালাম। পরের দিন আবার বঙ্গভবনে গেলাম। ঢাকাস্থ অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির ও অষ্টগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে আমরা মহামান্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম।”
“অষ্টগ্রাম আওয়ামী লীগ ও আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই রকম একটি সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। আমি মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”


2 Comments