প্রচ্ছদ হাওরের রাজনীতি ভৈরব বিএনপির ৩৭ নেতা-কর্মীর জামিন
ভৈরব বিএনপির ৩৭ নেতা-কর্মীর জামিন
নিউজ ডেস্ক | ১০:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন ভৈরব বিএনপির এজাহারভুক্ত ৪৫জন নেতা-কর্মীর মধ্যে ৩৭।
সোমবার দুপুরে ঢাকার হাইকোর্টের বিচারক কেএম ওবায়দুর রহমান ও কৃষ্ণা দেবনাথের যৌথ বেঞ্চে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।
৬ সপ্তাহ পরে কিশোরগঞ্জের সেশন জজকোর্টে হাজির হওয়ার আদেশ দিয়ে এরইমধ্যে তাদের হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি নোত-কর্মীদের পক্ষে আগাম জামিন আবেদন করা তাদের আইনজীবী এডভোকেট ফজলুর রহমান।
ওই মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বাহার উল ইসলাম বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল জেল হাজতে এবং অপর দুই নেতা দেশের বাইরে থাকায় এই প্রক্রিয়ায় তাদের জামিন আবেদন করা যায়নি বলে জানায় সূত্র।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ৫ ফেব্রুয়ারি সিলেট মাজার জিয়ারতে যাওয়ার পথে ভৈরবে তাকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের লাঠি চার্জ ও টিয়ারশেলের জবাবে নেতা-কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে মারে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এতে বিএনপির কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়।
এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা, পুলিশ আহত ও নাশকতা চেষ্টার অভিযোগ এনে ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৪৫ নেতাকর্মীর নাম এজাহারভুক্ত করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক অভিজিৎ চৌধুরী।
সূত্র: অর্থসূচক

