প্রচ্ছদ ধর্ম ও জীবন মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্র থাকা
মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্র থাকা
মুহাম্মদ এমদাদুল হক জাবের | ২:০২ অপরাহ্ন, ৮ জুলাই, ২০১৮

মুহাম্মদ এমদাদুল হক জাবের
আল্লাহ তা’য়ালা যুগে যুগে নবি-রাসুলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন এর অন্যতম উদ্দেশ্য ছিল মানবজাতিকে উত্তম চরিত্র শিক্ষা দেয়া। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্র ঠিক রেখে জীবনতরী পরিচালনা করবে এবং চরিত্র বিধ্বংসী যে কোন আচার-আচরণ থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করবে এটাই প্রত্যাশা করে ইসলাম। চরিত্রবান প্রশংসিত হয়। অপরদিকে চরিত্রহীন লোক হয় সকলের কাছে ঘৃণিত। মহৎ চরিত্রের অধিকারী নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) এর প্রশংসায় আল্লাহ তা’য়ালার কুদরতি কন্ঠে ধ্বনিত হয়েছে, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। (আল কুরআন, সুরা আল-কলম, আয়াত-৪)।
শুধু তাই নয়, চরিত্রবান এ মহান সত্বার জীবনকে করেছেন আমাদের যাপিত জীবনের মডেল। পবিত্র কুরআনে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে উত্তম অনুপম আদর্শ রয়েছে।
অতএব আল্লাহ-রাসুল নির্দেশিত পথ ও পন্থায় নিহিত রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। আল্লাহ -রাসুলের নীতি অনুসরণ ও অনুকরণ করেই চলতে হবে সকলকে, যেমনি করে আমাদের পূর্বসূরীরা হয়েছেন স্বরণীয়-বরণীয় ও আদর্শ মানুষ। তারা ছিলেন নীতি-নৈতিকতার শক্তভূমিতে অবিচল। কিন্তু সময়ের পরিবর্তন এত প্রকট যে, অনেকেই আচার-আচরণ সম্পর্কীয় ভুলেই যাচ্ছে। উত্তম চরিত্র হারিয়ে যাচ্ছে তাদের জীবন থেকে। নৈতিক অবক্ষয় ঘটছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের ইসলামি শিক্ষা থেকে দূরে থাকা। ইসলামে দ্বীনি জ্ঞান অর্জন ফরজ করা হয়ছে। প্রত্যেক মুসলমানকে রাসুলুল্লাহ (সা:) এর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। একদা এক জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সা:) এর দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেসা করল, ইয়া রাসুলুল্লাহ! ধর্ম কী? জবাবে রাসুল (সা:) বললেন, সৎ স্বভাবই ধর্ম।
প্রত্যেক মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্র থাকা। নিজে সৎ চরিত্রবান হতে হবে এবং অন্যকেও সৎ চরিত্রবান হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। একটি পরিবার সুন্দর হবে যদি পরিবারের সদস্যরা উত্তম চরিত্রবান হয়। সমাজ সুন্দর হবে যদি সমাজের মানুষ উত্তম চরিত্রবান হয়। একটি দেশ উন্নত রাষ্ট্র হবে যদি ঐ রাষ্ট্রের মানুষ সৎ হয়।
লেখক: শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম।


1 Comments