হাথুরুকে মুমিনুলের ‘বিদায়ী উপহার’
নিউজ ডেস্ক | ৬:০৮ অপরাহ্ন, ১১ নভেম্বর, ২০১৭

চণ্ডিকা হাথুরুসিংহের জমানায় মুমিনুল হককে টি-টোয়েন্টির ‘অচল’ ক্রিকেটার বলে বাসিয়ে রাখা হয়। কেবল টি-টোয়েন্টিই নয়, মুমিনুলকে তার ‘প্রিয়’ ফরম্যাট টেস্ট থেকেও ছেঁটে ফেলার পরিকল্পনা এগিয়ে যায় বহুদূর।
সেই হাথুরুর বিদায়ী সুর টাটকা থাকাবস্থায় দুর্দান্ত ব্যাটিং করলেন মুমিনুল। চলমান প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ফিফটি করেছেন তিনি। ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত এই ইনিংসটিতে ছিল মারকুটে ঢঙে ব্যাট চালনা আর নিজের সামর্থ্যকে জানান দেয়ার বাসনা। ৪টি চার ও ৩টি ছয়ে মিরপুরের হোম অব গ্রাউন্ড কাঁপালেন বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত মুমিনুল হক।
জয়ের খাতা খুলল তার দল রাজশাহী কিংস। প্রথম দুই ম্যাচে টানা হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে উড়ন্ত জয় পেল রাজশাহী কিংস। আজ মিরপুরের হোম অব গ্রাউন্ডে রংপুর রাইডার্সকে গুঁড়িয়ে দিয়েছে মুশফিক-মিরাজরা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ বল ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী।
রান তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই ১২২ রান যোগ করেন রাজশাহীর লেন্ডল সিমন্স আর মুমিনুল হক। যেভাবে এগোচ্ছিল এই যুগল। তাতে মনে হয়েছিল, কোনো উইকেট না হারিয়েই জিতে যাবে রাজশাহী। কিন্তু ব্যক্তিগত ৫৩ রানের মাথায় রান আউটে কাটা পড়েন সিমন্স। এরপর দুই নম্বরে ব্যাট করতে আসা ম্যালকম ওয়ালার ফিরে যান ৪ রান করে। তৃতীয় উইকেটে রনি তালুকদারকে সঙ্গে নিয়ে জয়ের পথে রওনা করেন মুমিনুল হক। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুমিনুল ও রনি।
সূত্র: ঢাকাটাইমস

